ইউপি নির্বাচন: প্রার্থীর নিখোঁজ সমর্থকের ঝুলন্ত লাশ মিললো বাগানে
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের এক প্রার্থীর ‘নিখোঁজ’ এক সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, মঙ্গলবার সকালে নলবুলিয়া কান্দি গ্রামের একটি বাগানের গাছ থেকে আব্দুল সাত্তার নামের ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সাত্তারের বাড়ি একই গ্রামে। তিনি চরকেওয়ার ইউনিয়নের সদস্য প্রার্থী ইমরানের সমর্থক ছিলেন।
নিহতের স্ত্রী শিউলী বেগম বলেন, “আসন্ন ইউপি নির্বাচনে আমার স্বামী স্থানীয় সদস্য প্রার্থী ইমরানের সমর্থক। বেশ কিছুদিন ধরে ইমরানের প্রতিপক্ষ সদস্য প্রার্থীরা তার স্বামীকে তাদের দলে কাজ করার জন্য চাপ দিচ্ছিল।
“এরই মধ্যে রোববার সন্ধ্যা থেকে সাত্তার নিখোঁজ হয়। নির্বাচনকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাত্তারের লাশ উদ্ধারের খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে সাত্তারকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর চরকেওয়ার ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।
