ভূমধ্যসাগরে ফেলে মাদারীপুরের ২ তরুণকে হত্যার অভিযোগ পরিবারের
বিদেশ পাঠানোর কথা বলে মাদারীপুরের দুই তরুণকে ভূমধ্যসাগরে ফেলে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ তুলেছে।
এক পরিবার অভিযোগ করেছে, তাদের ছেলেকে ভূমধ্যসাগরে ট্রলার থেকে ফেলে হত্যা করা হয়েছে। আরেক পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে ঝুঁকিপূর্ণ ট্রলারে জোর করে তুলে দেওয়ার পর তা ডুবে ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার আবুল কালাম খানের ছেলে সাব্বির খান (২১) ও বড়াইলবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে সাকিব তালুকদার (২০)।
আবুল কালাম খান বলেন, বাংলাদেশ সময় শনিবার রার ৯টার দিকে লিবিয়া থেকে ইতালি নেওয়ার কথা বলে ভূমধ্যসাগরে তার ছেলেকে ফেলে দেওয়া হয়।
তার অভিযোগ, তার ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে নিয়ে যাওয়ার পর লিবিয়ায় ছয় মাস আটকে রাখে দালাল চক্র জোর করে টাকা নেয়। টাকা না দিলে তারা তাকে নির্যাতন করত।
“নির্যাতনের রেকর্ড শুনিয়ে তারা আমার কাছ থেকে কয়েক দফায় ১০ লাখ টাকা নিয়েছে। আরও পাঁচ লাখ টাকা দাবি করেছিল। আমি বলেছি, ইতালি পৌঁছে দিলে বাকি টাকা দেব। আরও টাকা না দেওয়ায় তারা আমার ছেলেকে ভূমধ্যসাগরে ফেলে হত্যা করেছে বলে ধারণা করছি।”
সাকিবের বাবা হাবিবুর রহমানও হত্যার অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, লিবিয়া থেকে তার ছেলেকে দালালরা জোর করে ট্রলারে তুলে দেয়। সেই ট্রলার ডুবে ছেলে মারা যায়।
এখন সরকারের কাছে তার দাবি, ছেলের লাশটা যেন সরকার দেশে আনার ব্যবস্থা করে। দাফনটা তিনি বাড়িতে করতে চান।
তারা কেউ এ ঘটনায় মামলা করেননি বা পুলিশকে জানাননি।
তাদের দাবি, সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামের কবির মীরার দুই ছেলে সবুজ মীরা ও সুমন আহমেদ ইতালি পাঠানোর কথা বলে সাব্বির ও সাকিবের কাছ থেকে ১০ লাখ করে টাকা নেন।
কবির মীরা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
তিনি বলেন, “ছেলেরা কারও কাছ থেকে টাকা নিয়েছে কি না, অথবা তারা কী করেছে সে বিষয়ে আমি কিছু জানি না। ছেলেরাই ভাল বলতে পারবে।”
তার ছেলেরা লিবিয়ায় থাকেন বলে জানালেও তিনি তাদের ঠিকানা বা ফোন নম্বর দিতে পারেননি।
ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে অনেক তরুণ ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ট্রলার ডুবে এবং ট্রলারে গাদাগাদি করে থাকার সময় মারা যায়, যার খবর গণমাধ্যমে প্রায়ই আসে।
গত সপ্তাহে লিবিয়া উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা থেকে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেন মানবিক সাহায্য সংস্থা মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের (এমএসএফ) নাবিকরা।
পরে এক বিবৃতিতে এমএসএফ বলেছে, নৌকাটির নিচের ডেকে জ্বালানির তীব্র গন্ধের মধ্যে ১৩ ঘণ্টা ধরে থাকায় তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় তিনটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছেন ১৮৬ জন অভিবাসন প্রত্যাশী ও ওই ১০টি মৃতদেহ।
তাদের অধিকাংশই আফ্রিকার লোক। তাদের মধ্যে ৬১ জন নাবালক, সবচেয়ে ছোটজনের বয়স মাত্র ১০ মাস।
গত কয়েক সপ্তাহ ধরে ইতালিতে নৌকাযোগে অভিবাসন প্রত্যাশীদের আগমনি হঠাৎ বেড়ে যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৫৯ হাজার ৭০২ জন অভিবাসন প্রত্যাশী নৌকাযোগে ইতালিতে এসে নেমেছেন, ২০২০ সালের একই সময়ে আসা ৩২ হাজার ৪৭৬ জনের চেয়ে সংখ্যাটি অনেক বেশি।
চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে ১২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এমএসএফ জানিয়েছে।
