কুষ্টিয়ায় ‘ধর্ষণ’-হত্যা: মামলায় আসামির ‘নাম উপেক্ষার’ অভিযোগ
কুষ্টিয়ায় এক স্কুলছাত্রী হত্যা মামলায় বাদী আসামির ‘নাম দিলেও’ থানা পুলিশ তা উপেক্ষা করে অজ্ঞাতদের নামে মামলা রেকর্ডের অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
রোববার কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলার মিরপুর বর্ডার গার্ড স্কুলের ৯ম শ্রেণির ওই ছাত্রীর (১৪) বাবা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তিনি তার মেয়েকে অপহরণ ও দলবেঁধে ধর্ষণ এবং হত্যার অভিযোগ করলেও থানা পুলিশ শুধু হত্যা মামলা হিসেবে রেকর্ড করে এবং এজাহারে বাদীর দেওয়া আসামিদের নাম বাদ দিয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়।
মেয়েটির বাবা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার একমাত্র মেয়েকে অপহরণ ও দলবেঁধে ধর্ষণসহ হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে জড়িতদের নামোল্লেখ করে মামলা দিতে চাইলেও পুলিশ তা আমলে নেয়নি। পুলিশ অজ্ঞাতদের আসামি করা একটি এজাহারে তার স্বাক্ষর নেয়। এছাড়া মামলায় ধর্ষণের কথা বাদ দিয়ে শুধু হত্যার কথা উল্লেখ করা হয়।
ঘটনার বিববরণ দিয়ে তিনি বলেন, চলতি বছর ১৩ জুলাই গভীর রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মেয়েকে অপহরণ করে ‘সংঘবদ্ধ’ আসামিরা। পরদিন উপজেলার ভাঙা বটতলা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে মেয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, এ ঘটনায় ১৪ জুলাই থানায় দেওয়া তার (বাদী) এজাহারে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণসহ নির্যাতনে পুরো শরীর ক্ষতবিক্ষত করা, গলায় ফাঁস ও বিভিন্ন অঙ্গে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে হত্যার কথা বলা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৪-৫ জনের নাম উল্লেখ করা হয়।
“কিন্তু পুলিশ তা আমলে না নিয়ে পুলিশের লেখা একটা এজাহারে চাপ প্রয়োগ করে স্বাক্ষর করিয়ে নেয় এবং অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে।”
পুলিশের সুরতহাল প্রতিবেদনেও প্রাথমিকভাবে ধর্ষণের আলামাত পাওয়ার কথা বলা হয়েছে।
তিনি অভিযোগ করেন, তার আপত্তি থাকা সত্ত্বেও এই মামলার একমাত্র আসামি হিসেবে মিরপুর পৌর এলাকার এক কলেজছাত্রকে (২০) গ্রেপ্তার করে ঘটনার মোটিভ উদ্ধার করেছেন দবি করে কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম সংবাদ সম্মেলন করেন।
“ওই সময়ও আমি পুলিশকে বলেছি - এতবড় ঘটনা একমাত্র আসামির পক্ষে ঘটানো অসম্ভব। অথচ আমার কোনো কথাকে গুরুত্ব দেয়নি পুলিশ। পুলিশের এমন রহস্যজনক ভূমিকার কারণে আমি বাধ্য হয়েই মেয়ে হত্যার ঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য ডিআইজি খুলনা, আইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত আবেদন করেছি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অভিযোগ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “এখানে মামলার তদন্ত ঠিকমতোই চলছে। এখানে মেডিকেল সার্টিফিকেটে ডাক্তার তো একটা অনুমান নির্ভর রিপোর্ট দিয়েছে যে এখানে গ্যাং রেপ হয়েছে; কিন্তু আমরা ডিএনএ টেস্টের রেজাল্ট পেলেই বুঝতে পারব এখানে ঘটনার সাথে কার কার নমুনা পাওয়া গেছে। তার উপর ভিত্তি করেই পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।”
