২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৫৭ ধারার মামলায় সাংবাদিক কারাগারে

নারায়ণগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 10:21 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

গ্রেপ্তারের পর শনিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ূন কবিরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত সৈয়দ সিফাত আল রহমান লিংকন আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

মামলার বাদী আহাম্মদ আলী রেজা রিপন নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই।

পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৭ সালের এক মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল লিংকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পুলিশ তাকে শনিবার ভোরে গ্রেপ্তার করে আদালত পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালের ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থানায় মামলা করেন জেলা যুবলীগের সভাপতি নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন।

মামলায় লিংকন ছাড়াও আসামি করা হয় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, জেলা ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলকে।

বাদল ও রাজু জামিনে আছেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।

আসামিরা রিপনের বিরুদ্ধে অর্থ কেলেংকারির প্রতিবেদন প্রকাশ করেন। রিপন মামলায় আসামিদের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন।