এক মাস নিখোঁজ তরুণী গৃহবধূ, আশুলিয়া থানায় জিডি
ঢাকার আশুলিয়ায় এক তরুণী গৃহবধূ নিখোঁজ রয়েছেন এক মাসেরও বেশি সময় ধরে।
এই ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোনো কিনারা হয়নি।
মেয়েটির বাবার ভাষ্য, গত ১০ অক্টোবর আশুলিয়ার গাজিরচট এলাকার বাবার বাড়ি থেকে কাঠগড়ায় স্বামীর ভাড়া বাসায় যান ২০/২২ বছর বয়সী এই গৃহবধূ। একই দিন স্বামী সোহরাব হোসেন এসে আবার নিয়ে যান। এর দুদিন পর থেকে মেয়েটি নিখোঁজ।
গৃহবধূর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছরখানেক আগে তার মেয়ের সঙ্গে সোহরাব হোসেনের বিয়ে হয়। এরপর থেকে সোহরাব তার মেয়েকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতেন।
“বেশ কয়েকবার অভিমান করে মেয়ে আশুলিয়ার গাজিরচট এলাকায় বাবার বাড়ি চলে এসেছিল। পরে সংসারের কথা চিন্তা করে তাকে আবার স্বামীর কাছে ফেরত পাঠাই।”
তিনি বলেন, গত ১০ অক্টোবর স্বামীর ভাড়া বাসা থেকে মেয়ে আবার তাদের বাসায় চলে আসেন। একই দিন জামাই সোহরাব তার মেয়েকে ‘ফুসলিয়ে’ পুনরায় তার বাসায় নিয়ে যান।
“এর দুই দিন পর থেকে মেয়ের ফোন নম্বর বন্ধ পাচ্ছি। অনেক খোঁজ করেও কোথাও সন্ধান মেলেনি। জামাই সোহরাব ও তার পরিবারের কাছে মেয়ের কথা জিজ্ঞেস করলে তারা কটূ কথা শুনিয়ে দিচ্ছে।
“এই ঘটনায় গত ১ নভেম্বর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু পুলিশের কাছ থেকে নিখোঁজ মেয়ের সন্ধানের কোনো সহযোগিতা পাচ্ছি না। নানা ব্যস্ততার অজুহাতে দেখাচ্ছেন তদন্ত কর্মকর্তা।”
সাধারণ ডায়েরির তদন্তকারী এসআই সামিউল ইসলাম বলেন, “নিখোঁজ মেয়েটির অবস্থান সন্ধানের জন্য কললিস্ট চেয়ে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মেয়েটি পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
