জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, যুবকের কারাদণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নেওয়ায় এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই আদালত পরিচালনা করেন।
আসাদ মিয়া নামের এই শিক্ষার্থী ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান।
ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের অধীনে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আসাদ মিয়া আরেক শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তার কাছ থেকে একটি আইফোন ও এটিএম কার্ড সদৃশ একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে বলে প্রক্টর অফিস থেকে জানা গেছে।
আসাদের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া গ্রামে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার অভিযোগে এক যুবককে আটক করে কর্তৃপক্ষ।
