ট্রান্সফরমার চুরি: ডিপিডিসির লাইনম্যান বরখাস্ত
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মালামাল চুরির অভিযোগে গ্রেপ্তার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসির দুই লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ডিপিডিসিরি উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) কামরুন নাহার স্বাক্ষরিত এক আদেশে একথা জানানো হয় বলে ডিপিডিসি পূর্ব জোনের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান।
এরা হলেন শহরের কিল্লারপুল ডিপিডিসি পূর্ব জোনের লাইনম্যান আউয়াল হোসেন ও মো. সুমন।
ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় গত ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে বিদ্যুৎ আইনে উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলির আইলপাড়া ফিডার পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ। এ সময় তিনি ওই ফিডারের একটি ট্রান্সফরমার, ১২ মিটার এসপিসি পোল, স্ট্রাকচার, লুপ ও তার চুরি হয়ে গেছে বলে জানতে পারেন।
প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, ওই মামলার তদন্তকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ওই ভিডিও ফুটেজে দেখা যায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় লাইনম্যান আউয়াল ও সুমন জড়িত। গত ১৪ নভেম্বর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
