বেনাপোলে দেড় কেজি স্বর্ণের বারসহ আটক ২
বেনাপোল সীমান্তে প্রায় দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক হয়েছেন; যারা এই স্বর্ণ ভারতে পাচার করছিলেন বলে বিজিবির ভাষ্য।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই এলাহী বলেন, বৃহস্পতিবার দুপুরে পুটখালি সীমান্তের 'মসজিদ বাড়ী' বিজিবি চেক পোস্টে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়ার মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮) ও পুটখালী দক্ষিণপাড়ার আলী কদর মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩২)।
বিজিবি কর্মকর্তা বলেন, 'ভারতে স্বর্ণ পাচারের' গোপন সংবাদে বিজিবির টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় বেনাপোল থেকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
“পরে তাদের তল্লাশি করে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১ দশমিক ৪০২ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৯০ লাখ ৪০ হাজার ৭৭৮.৪৯ টাকা।"
মনজুর ই এলাহী জানান, মোটরসাইকেলসহ তাদের বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
