২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে চাকা ফাটল নভোএয়ারের, তবে অক্ষত ৬৭ যাত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার সময় নভোএয়ারের একটি উড়োজাহাজের ‘নোজ হুইল ব্লকড’ হয়ে গেলেও বেঁচে গেছেন যাত্রীরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 11:24 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

নভোএয়ারের এক কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজটির চাকা ফেটে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পাইলট তানভীর রেজার দক্ষতায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারওয়েজের উড়োজাহাজটি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

আজিজুর রহমান দুলু নামে এক যাত্রী বলেন, “অবতরণের পর বিমানটির চাকা বিকল হয়ে যায়। যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তবে কারও তেমন ক্ষতি হয়নি। নিরাপদে নামতে পেরেছি আমরা।”

সৈয়দপুর বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় বিমানটির সামনের ‘নোজ হুইল’ (সামনের চাকা) বাঁকা হয়ে ‘ব্লকড’ হয়ে যায়। তবে পাইলট নিরাপদে বিমানটি নামাতে সক্ষম হন। এতে যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামতের কাজ চলছিল।

যোগযোগ করা হলে নভোএয়ারের এক কর্মকর্তা বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় সামনের চাকা ফেটে ‘নোজ হুইল ব্লক’ হয়ে যায়। পরে পাইলট ক্যাপটেন তানভীর রেজা দক্ষতার সঙ্গে উড়োজাহাজটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। যে কারণে উড়োজাহাজের যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।