‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, গাজীপুরে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
গাজীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর বাবা মামলা করার পর অধ্যক্ষকে গ্রেপ্তার এবং তার মোবাইল ফোন থেকে ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর নগ্ন ভিডিও ও ছবি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. হাদিউজ্জামান (৩৮) যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর সরদাপাড়া গ্রামের প্রয়াত জাবেদ আলী সরদারের ছেলে। তিনি কাশিমপুর বাগবাড়ীর দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
মামলার এজাহারের বরাত দিয়ে কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, কাশিমপুর বাগবাড়ী এলাকায় দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (১৩) প্রায় এক বছর আগে ধর্ষণ করেন মাদ্রাসার অধ্যক্ষ হাদিউজ্জামান।
“এ সময় তিনি কৌশলে ধর্ষণের দৃশ্যও ধারণ করেন। পরবর্তীতে ওই ধর্ষণের ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে শিশুটিকে আরও ধর্ষণ করেন ওই শিক্ষক।”
এই অধ্যক্ষের দুই স্ত্রীসহ কয়েকজন সন্তান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, বিষয়টি জানতে পেরে মঙ্গলবার [১৬ নভেম্বর] শিশুটির বাবা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে হাদিউজ্জামানকে গ্রেপ্তার করে।
কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, “গ্রেপ্তার করার সময় ওই অধ্যক্ষের কাছ থেকে শিশু শিক্ষার্থীর নগ্ন ভিডিও, ছবি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।”
