কুমিল্লায় ডাকাতি ও হত্যায় ৪ জনের যাবজ্জীবন
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতিকালে এক বৃদ্ধাকে হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়ার জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল ২ এর বিচারক হাবিবুর রহমান দশ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন কাউসার (২৩), শাখাওয়াত হোসেন (২২), সোহাগ (২৮) ও নাসির উদ্দিন (২৫)।
তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডিতদের মধ্যে কাউসার ও শাখাওয়াত জেল হাজতে আছেন; বাকি দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামের নিজ ঘর থেকে ছালেহা বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিদের নামে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ তদন্তের পর্যায়ে চার জনকে গ্রেপ্তার করে। ওই বছরের ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তানজিনা জানান, বুধবার দুপুরে আদালতে গ্রেপ্তার দুই আসামিকে উপস্থিত করা হয়। তাদের সামনে রায় পড়ে শোনান বিচারক।
রায়ে দুই জনকে খালাস দেওয়া হয় বলে জানান এই আইনজীবী।
রায়ের পর মামলার বাদী শিল্পী আক্তার বলেন, “আমরা আসামিদের ফাঁসি চেয়েছিলাম, আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।”
