মতিহারে চিরনিদ্রায় হাসান আজিজুল হক
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়৷
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হাসান আজিজুল হককে তার কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১২টায় তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।
সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহী নগরীর বিহাস এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম, রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা, কবি-লেখক-নাট্যকার-বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানান প্রয়াত এই সাহিত্যিককে।
পরে বাদ জোহর জানাজা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের উত্তর প্রান্তে তাকে সমাহিত করা হয়।
তিনি বলেন, হাসান আজিজুল হক ছাত্রাবস্থা থেকেই অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে ও পরেও যত অশুভ শক্তি উত্থিত হয়েছে তাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি শুধু একজন কথাসাহিত্যিকই নন, তিনি একাধারে একজন দাপুটে মঞ্চ অভিনেতা, পথ প্রদর্শক এবং অশুভ শক্তির বিরুদ্ধে রাজনীতির মাঠে এক লড়াকু যোদ্ধা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, “স্যার বাংলা সাহিত্যের যে মাপের মানুষ ছিলেন তাতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যখনই বাঙালি জাতীয়তাবাদ সংকটে পড়েছে তখনই আমরা স্যারের কাছে গিয়েছি, তার উচ্চকিত যে আহ্বান ছিল তা আমাদের পথ দেখাত। আমরা যদি হাসান স্যারকে অনুধাবন করি, ধারণ করি তাহলে স্যার আমাদের কাছ থেকে হারিয়ে যাবেন না।”
সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) বাসভবন উজানে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুর সময় তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক অধ্যাপনার পর ২০০৪ সালে তিনি অবসরে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
একুশে পদকে ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই গদ্যশিল্পীর বয়স হয়েছিল ৮২ বছর। ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারও ছিল তার মুকুটে।
গত কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন হাসান আজিজুল হক। বাথরুমে পড়ে কোমরে ব্যথা পাওয়ার পর বছরের মাঝামাঝি থেকে শয্যাশায়ী ছিলেন তিনি।
এর মধ্যে নিউমোনিয়া ও হার্টের সমস্যা দেখা দিলে গত অগাস্টে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে গত ৯ সেপ্টেম্বর তাকে রাজশাহীতে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।
