যশোরে শার্শা উপজেলার ৯ ইউনিয়নেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ
যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আওয়ামী লীগেরই দুই পক্ষ।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে লড়তে হচ্ছে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থীদের।
একাধিকবার বৈঠক করেও নৌকার মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন দলের দায়িত্বশীল নেতারা।
বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ, জন-সংশ্লিষ্ট যোগ্য নেতাদের মনোনয়ন না দেওয়ায় তারা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী পদে লড়ছেন।
নিজামপুর ইউনিয়নে নৌকার প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিপুল বলেন, “এবারের নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড যোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দেয়নি। জনবিচ্ছিন্ন লোককে মনোনয়ন দেওয়ায় জনগণ ও ভোটারদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি।”
শার্শা ইউনিয়নে নৌকার প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, তিনি নৌকার বিরুদ্ধে নন।
তিনি বলেন, “দলের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুরোধে আমি প্রার্থী হতে বাধ্য হয়েছি।”
তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইব্রাহিম খলিল বলেন, কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। সবাই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকার প্রার্থীর ভোট করবে এভাবে তারা কাজ করছেন।
একই বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর।
তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন আমরা তাকে বিজয়ী করব। যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনও নির্বাচনে রয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে আমি আশা করি। তারা প্রার্থিতা বাতিল করে নৌকার পক্ষে কাজ না করলে তাদের আজীবন বহিষ্কারের সুপারিশ পাঠানো হবে।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বেনাপোল ইউনিয়নে সীমানা জটিলতায় মামলা চলার কারণে নির্বাচন হচ্ছে না। বাকি ১০ ইউনিয়নের ভোট হচ্ছে।
দশ ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে রয়েছেন দুই ডজনের বেশি স্বতন্ত্র প্রার্থী।
তার মধ্যে নয় ইউনিয়নেই নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগ নেতারা। অন্য ইউনিয়নটিতেও নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছেন বলে অভিযোগ।
নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী
শার্শা ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন কবির উদ্দিন আহম্মদ তোতা। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন।
উলাশীতে নৌকার টিটিট পেয়েছেন রফিকুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আয়নাল হক।
বাগআচড়ায় নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুল। তার প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক।
লক্ষ্মণপুরে নৌকার প্রার্থী আনোয়ারা খাতুন। তার প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান।
নিজামপুরে নৌকার প্রার্থী আব্দুল ওহাব। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিপুল।
কায়বা ইউনিয়নে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু। তার প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন।
ডিহি ইউনিয়নে নৌকার মনোনায়ন পাওয়া প্রার্থী আসাদুজ্জামান মুকুল। তার প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও ধর্মবিষয়ক সম্পাদক নুর ইসলাম তরফদার। তাছাড়া আছেন বর্তমান চেয়ারম্যান হোসেন আলীসহ আরও কয়েকজন।
গোগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী আব্দুর রশীদ। তার বিরুদ্ধে আছেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান।
পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফ্ফার সরদার। তার বিরুদ্ধেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছেন বলে গফফারের অভিযোগ। তবে এই নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে দলে ঢুকে পড়েছে বলে গফফারের অভিযোগ।
