ভোটে জেতানোর আশ্বাসে ‘উৎকোচ’, চেয়ারম্যানের নামে অভিযোগ
প্রভাব খাটিয়ে ভোটে জেতানোর আশ্বাস দিয়ে সিরাজগঞ্জের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যপদের প্রার্থীদের কাছ থেকে উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান এবং তার বিরুদ্ধে অভিযোগকারীদের তিনজন আওয়ামী লীগ নেতা। সদস্যপদে ভোটের লড়াইয়ে হেরে তারা অভিযোগ তুলেছেন।
তাছাড়া সংরক্ষিত আসনের সদস্যপদে পরাজিত এক নারী প্রার্থীর স্বামী একই অভিযোগ তুলেছেন।
সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলামের বিরুদ্ধে রোববার রাতে এই অভিযোগ পেয়েছে পুলিশ।
চারজন পৃথক চারটি এজাহার থানায় জমা দিয়েছেন জানিয়ে ওসি বলেন, এজাহারে তারা চেয়ারম্যানের এক স্বজন ও সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন। তদন্তের পর ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
অপরদিকে কয়েকজনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চেয়ারম্যান নবীদুল ইসলাম।
চেয়ারম্যানের বিরুদ্ধে যারা অভিযোগ এনেছেন তারা হলেন—সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ মোল্লা এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যপদে পরাজিত প্রার্থী পিয়ারা বেগমের স্বামী গোলাম নবী।
বাদীরা মামলার এজাহারে উল্লেখ্য করেছেন, নির্বাচনে প্রভাব খাটিয়ে জেতানোর আশ্বাস দেওয়ায় তারা নবীদুল ইসলামকে উৎকোচ দিয়েছেন। কিন্তু তাদের কাউকেই নির্বাচনে জেতাতে পারেননি বা কোনো সহযোগিতাও করেননি নবীদুল।
পরাজিত হওয়ার পর ওই উৎকোচ দেওয়া টাকা ফেরত চাওয়ায় চেয়ারম্যান তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও এজাহারে অভিযোগ আনা হয়েছে।
তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের কথা এজাহারগুলোয় উল্লেখ করেছেন।
টাকা লেনদেনের সময় উপস্থিত ছিলেন দাবি করে কয়েজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে এসব এজাহারে।
এজাহারে বলা হয়েছে, বাদী ফরিদুল ইসলাম ৮ নভেম্বর বিকেলে চেয়ারম্যান নবীদুল ইসলামকে সাত লাখ টাকা দেন। রফিকুল ইসলাম ৮ নভেম্বর সকালে নবীদুল ইসলামকে ৪ লাখ ৫০ হাজার টাকা দেন। মফিজ মোল্লা ৯ নভেম্বর রাতে নবীদুল ইসলামকে ৫ লাখ টাকা দেন। কিন্তু টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় পরে তিনি তিনি ৯০ হাজার টাকা ফেরত নেন। আর গোলাম নবী ৯ নভেম্বর রাতে নবীদুল ইসলামের এক সহযোগীর কাছে দুই লাখ ৫০ হাজার টাকা দেন।
তবে নবীদুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে থানায় অভিযোগকারী পরাজিত সদস্য প্রার্থীরা সবাই আওয়ামী লীগ নেতা। তারা ভোটের দিন কেন্দ্রে প্রভাব খাটিয়ে ব্যালট কেটে ভোটে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। এ বিষয়ে আমাকে প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছি। সুষ্ঠু নির্বাচন হওয়ায় তারা হেরে গিয়ে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।”
দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোট হয়। সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম বিনা ভোটে পুনরায় চেয়ারম্যান হন। তার বড় ভাই আব্দুল মোমিন পুনরায় সদস্য নির্বাচিত হন।
