মোংলায় নৌযানডুবিতে নিখোঁজ ২ নাবিকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলা বন্দরে কয়লা বোঝাই নৌযানডুবিতে নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সন্ধ্যায় পশুর নদের হারবাড়িয়া এলাকায় তাদের ভাসমান লাশ পাওয়া যায় বলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট খন্দকার মুনিফ তকি জানান।
দুজনের মরদেহ বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কোস্ট গার্ড।
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি ফারদিন-১ নামে কয়লা বোঝাই একটি নৌযান ডুবে যায়। এতে পাঁচ নাবিক নিখোঁজ হন।
লেফট্যানেন্ট খন্দকার মুনিফ তকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে কয়লা বোঝাই এমভি ফারদিন-১ ডুবে যায়। এতে ওই নৌযানে থাকা পাঁচ নাবিক নিখোঁজ হন। সোমবার রাতেই কোস্ট গার্ড সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
“সন্ধ্যায় পশুর নদে ভেসে ওঠা দুজনের মরদেহ পাওয়া গেছে। আমরা তাদের নাম পরিচয় শনাক্ত করতে মরদেহ দুটি মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিখোঁজ আরও তিনজনকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।”
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠান এই কয়লা আমদানি করেছে।
“মোংলা বন্দরের হারবাড়িয়ার ৯ নম্বর অ্যাংকরে অবস্থান করা বিদেশি জাহাজ এমভি এলিনাবি থেকে স্থানীয় এমভি ফারদিন-১ নামের একটি নৌযান তিন থেকে সাড়ে তিনশ মেট্রিক টন কয়লা খালাস করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে একটি বিদেশি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।”
তিনি জানান, এ সময় ওই নৌযানে থাকা অন্তত পাঁচজন ক্রু নিখোঁজ রয়েছেন বলে আমদানিকারকদের পক্ষ থেকে বলা হয়। মূল বন্দর চ্যানেলের বাইরে এই নৌযানটি ডুবেছে। এতে বন্দরে জাহাজ আসা যাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না।
