২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় এক ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 12:11 AM

Updated : 02 Aug 2022, 06:35 PM

মাধবপুর থানা পুলিশ রোববার বিকালে ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বলে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

গ্রেপ্তার রফিক উদ্দিন (৪৪) মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও বনগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত বুধবার দুপুরে বনগাঁও গ্রামে একদল লোক শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মো. দুলাল মিয়াকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বজনরা ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় দুলালের ভাই শেখ আমির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। রফিক মেম্বার ওই মামলার ২ নম্বর আসামি।