২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ভোটের আগে আহত, মৃত্যু ৫ দিন পর

মাদারীপুরের কালকিনির চরদৌলত খান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত এক ব্যক্তি পাঁচ দিন পর মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 08:22 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে আলমগীর প্যাদা (৫৫) নামের এই ব্যক্তি মারা যান।

আলমগীর প্যাদা চরদৌলত খান ইউপির পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মিলন মিয়ার চাচাত ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার কালকিনি ও ডাসার উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। ভোটের আগের দিন বুধবার সকালে চরদৌলত খান ইউনিয়নের মাথাভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চাঁনমিয়া শিকদার ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ওই রাতেই ওই তিনজনকে ঢাকার মোহম্মদপুর সিটি হাসপাতালের নিবিড় পরিচয়া ইউনিটে (আইসিইউ) ভর্তি করাহয়।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে আলমগীর মারা যান।

পরাজিত বিদ্রোহী প্রার্থী মিলন মিয়ার ভাতিজা অপু প্যাদা (৩৫) ও সমর্থক রিপন মোল্লা (৪৫) এখনও ওই হাসপাতালে ইউসিইউতে আছেন।

এ ব্যাপারে পরাজিত বিদ্রোহী প্রার্থী মিলন মিয়া বলেন, “আমার আপন বড় চাচার বড় ছেলে আলমগীর। নির্বাচনের আগে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু চানমিয়ার লোকজন আমাকে ও আমার চাচাত ভাইকে লক্ষ্য করেই মূলত বোমা হামলা চালায়।”

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী চেয়ারম্যান চানমিয়া শিকদার বলেন, “ভোটের আগে দুপক্ষের হামলার ঘটনা ঘটেছে ঠিক। তবে ওরা নিজেরাই (মিলন মিয়া লোকজন) বোমা বিস্ফোরণ ঘটাতে গিয়ে গুরুতর আহত হয়। আমাদের লোকজন শুধু মিলনের লোকজনকে প্রতিরোধ করেছে। পাল্টা হামলা চালায় নাই।”

কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক বলেন, নির্বাচনের একদিন আগের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। ওই সংঘর্ষে পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে গ্রেপ্তার করেছে।

“ওই সময় দুই পক্ষের কেউ মামলা করতে থানায় আসেনি। পরে নিয়মিত মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার ওই আট জন এখনও কারাগারে আছেন।”

নতুন করে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুনরায় হামলা ও সংঘর্ষ এড়াতে চরদৌলখান ইউনিয়নে অতিরিক্ত পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে।

নিহতের ঘটনায় হত্যা মামলা হবে জানিয়ে ওসি বলেন, নিহতের পরিবার থানায় এলেই মামলা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।