২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদন পার্ক থেকে বন্যপ্রাণী ও হরিণের চামড়া উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে একটি বেসরকারি বিনোদন কেন্দ্র থেকে বিভিন্ন প্রজাতির ২৭টি বন্যপ্রানী ও ছয়টি হরিণের চামড়া উদ্ধার করেছে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও র‌্যাব। এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 06:44 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

সোমবার দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামের ‘চন্দ্রমহল ইকোপার্কে’ এ অভিযান চালানো হয় বলে  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক রাজু আহম্মেদ জানান।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে আদালতের বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী জানান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক রাজু আহম্মেদ ও র‌্যাব-৬ এর উপ -অধিনায়ক আল ইমরান মাহফুজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চন্দ্রমহল নামের এই ইকো পার্কটি সরকারের অনুমতি না নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ করছিলেন।

গোপন খবরে অভিযান চালিয়ে একটি কুমির, ২টি  চিত্রল হরিণ, ১টি হনুমান, ৫ টি বানর, ১টি ময়ুর, ২টি উঠপাখি, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু, ২টি কচ্ছপ, ৭টি বক পাখি, ২টি মাছমুতাল পাখি, ৬টি হরিণের শিং, ৬টি চামড়া, একটি ভাল্লুকের চামড়া, একটি ক্যাঙ্গারুর চামড়া ও একটি তিমির কঙ্কাল উদ্ধার করা হয়।

তিনি জানান, বন্যপ্রাণী সংরক্ষন আইনের পরিপন্থী। অবৈধভাবে এসব বন্যপ্রাণী সংরক্ষণ করার অভিযোগে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।