২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরের শিবচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে একদল হামলাকারী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 12:07 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

রোববার রাতে ইউনিয়নের কাজীর মোড় এলাকায় এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, তার ছেলে সুমন ফকিরসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, “এলাকার আধিপত্য নিয়ে এই হামলা হতে পারে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।”

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির রাতে তার ছেলে সুমনকে সঙ্গে নিয়ে কাজীরমোড় এলাকায় ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এ সময় একদল লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে চেয়ারম্যান ও তার কর্মী-সমর্থকদের চিৎকারে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

আহতদের উদ্ধার করে রাত ১১টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বাবুল ফকিরসহ তিনজনকে ঢাকায় পাঠানো হয় বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হোসেন জানান।

আহত বাবুল ফকির সাংবাদিকদের বলেন, “ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। সন্ত্রাসীরা আমার স্ত্রী ও বোনকেও ব্যাপক মারধর করে।”