নির্বাচন: শরীয়তপুরে দুদলের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি
শরীয়তপুরে জয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর দুদল সমর্থক দফায় দফায় সংঘর্ষে ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
রোববার সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও তেঁতুলিয়া ও সুজনদল গ্রামে এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর হাসপাতালে ভর্তি হওয়া আহতদের উপরও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, রোববার আলী আসগর খান তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। এই সময় খিলগাঁও তেঁতুলিয় গ্রামে গেলে একদল লোক তাদের উপর হামলা চালায়।
এদিকে, খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন পাল্টা হামলা করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই হামলার জন্য বিজয়ী আসগর খান ও পরাজিত আ. মতিন ছৈয়াল পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
আলি আজগর খান বলেন, “আমি বিজয়ী হবার পর আজ মানুষের সাথে দেখা করতে গেলে মতি ছৈয়াল তার লোকজন নিয়ে আমাদের উপর হামালা করেন। পরে আমার লোকজন নিয়ে আমি তার প্রতিবাদ করি।”
মতি ছৈয়ালের লোকজন আহত ব্যক্তিদের উপর শরীয়তপুর সদর হাসপাতালেও হামলা চালিয়েছে বলে আসগরের অভিযোগ।
পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ডোমসার এলাকায় দুই মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
“হাসপাতালে মারধরের কথা শুনে সেখানে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। একাধিক জায়গায় নির্বাচনী সহিংসতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি।”
