ধামরাইয়ে রিকশায় ট্রাকের ধাক্কা, পোশাক শ্রমিক নিহত
ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় এক রিকশা আরোহী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার উপজেলার জয়পুরা জেলেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার (২৩) ধামরাই উপজেলার থানার কুল্লা ইউনিয়নের হাচুনপাড়া মহল্লার আফজাল হোসেনের মেয়ে। তিনি ধামরাইয়ের ফুকুটিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করেতেন।
ধামরাই থানার এসআই আব্দুর রশিদ বলেন, আফসানা জয়পুরা বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় ফুকুটিয়া যাচ্ছিলেন।
“জয়পুরা জেলেপাড়া এলাকায় ইটবোঝায় একটি ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আফসানা মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
