রংপুরে ‘লাফিয়ে পড়ে’ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রংপুর নগরে ছয়তলা ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে কারামতিয়া জামে মসজিদ সংলগ্ন কেরানিপাড়ার সমতা ভবনের সমানে থেকে ওয়াসিফ রায়হান (১৭) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান।
মৃত ওয়াসিফ রায়হান (১৭) রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে। রংপুর জিলা স্কুল থেকে রোববার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
ওয়াসিফের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ার রওশনপুরে। বাবার চাকরির কারণে সমতা ভবনের পরিবারের সঙ্গে ভাড়া থাকত সে।
এলাকাবাসীর বরাতে হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে ওয়াসিক আটতলা ভবনের ৬তলা থেকে লাফ দেয়। ওপর থেকে নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে নিহতের পরিবার ও ভবনের মালিকদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
