২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় আগুন আতঙ্ক

বরগুনার একটি গ্রামের কিছু পরিবার আগুনের আতঙ্কে ভুগছে; যাদের বাড়ির বিভিন্ন স্থানে সময়-অসময় আগুন লাগছে বলে তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 08:38 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বদিউজ্জামান বলেন, সদর উপজেলার পোটকাখালী গ্রামে তারা এমন ঘটনার খবর পেয়ে পরিদর্শন করেছেন।

ওই গ্রামের রিপন মিয়া ও মনসুর আলী জানান, প্রায় এক মাস ধরে বাড়ির যেকোনো জায়গায় হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। প্রতিদিন পাঁচ থেকে দশবার আগুন লাগছে। কেন বা কিভাবে আগুন লাগছে তা জানা যাচ্ছে না।

আগুনের ভয়ে কর্মজীবীরা স্বজনদের বাড়ি রেখে কোথাও যেতে পারছেন না বলে জানান অনেকে।

ওই গ্রামের রিয়াজ নামে এক ব্যক্তি বলেন, গত ১৪ অক্টোবর আবদুর রহিম নামে এক ব্যক্তির ঘরে প্রথম তারা আগুন লাগার খবর পান। পরে তারা গিয়ে নিভিয়ে ফেলেন।

“ওই ঘরে এ পর্যন্ত পাঁচবার এভাবে আগুন লেগেছে। পরদিন গ্রামের আট ঘরে আগুন লাগে। এর পর থেকে প্রতিদিনই লাগাতার আগুন লাগার ঘটনা ঘটছে।“

তবে কেন বা কিভাবে আগুন লাগছে তা কেউ বলতে পারেননি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বদিউজ্জামান বলেন, “হঠাৎ করে এমন আগুন লাগা নতুন নয়। দেশের অনেক স্থানে প্রায়ই এমন ঘটনার কথা শোনা যায়। স্থানীয়রা একে ভৌতিক বলে মনে করে। ভৌতিক ব্যাপার হতেও পারে। যা-ই হোক, অলৌকিক এমন ঘটনায় যাতে কারও কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা সজাগ আছি।”

বরগুনার ডিসি হাবিবুর রহমান বিষয়টি অবগত আছেন বলে জানান।

তিনি বলেন, “বিষয়টি অলৌকিক না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে মিথেন গ্যাসের প্রভাবে এটা হতে পারে। ইউএনওকে  পরিদর্শন করতে বলা হয়েছে।”