ধামরাইয়ে সহিংসতায় ২ জন নিহত
ঢাকার ধামরাইয়ে সহিংসতার দুটি ঘটনায় এক বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার কুল্লা ও সুয়াপুর ইউনিয়নে এই দুটি সহিংসতার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এই দুটি ঘটনার মধ্যে একটি নির্বাচনী সহিংসতা বলে ধামরাই থানা পুলিশ জানালেও আরেকটি নির্বাচনী সহিংসতা কিনা নিশ্চিত করেনি।
নিহতরা হলেন কুল্লা ইউনিয়নের বড়াকৈর গ্রামের রিফাত রেজওয়ান রাতুল (৩৪) এবং সুয়াপুর ইউনিয়নের কুরঙ্গী গ্রামের নসুর উদ্দিন মোল্লা (৮০)।
পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রাতুলের বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, তার ছেলে ইন্টারনেট সংযোগের ব্যবসা করেন। রাতে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম বলেন, “রাতুলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছেন। আমরা মরদেহ শুধু সুরতহাল করেছি। ঘটনাস্থল ধামরাই থানা এলাকায় হওয়ায় বিস্তারিত ধামরাই থানা পুলিশ বলতে পারবে।”
রাতুলের চাচত ভাই টিপু মিয়া বলেন, রাতুল কুল্লা ইউনিয়নের নৌকার প্রার্থী কালিপদ সরকারের সমর্থক ছিলেন। নির্বাচনে দুই প্রার্থী হেরে স্বতন্ত্র প্রার্থী হাজী লুৎফর রহমান বিজয়ী হন। এতে ক্ষুব্ধ আরেক পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় রাতুল মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ধামরাই উপজেলায় বৃহস্পতিবার ১৫টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। রাতে ফল ঘোষণার পরপরই হামলা সংঘর্ষ ও মারামারি হয়।
এ সময় কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়েছে; আহত হয় অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, সুয়াপুর ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে একজন বৃদ্ধ মারা গেছেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
“ধারণা করা হচ্ছে মারামারির সময় স্ট্রোক করে মারা গেছেন।”
তিনি বলেন, এছাড়া কুল্লা ইউনিয়নে প্রতিপক্ষের হামায় রাতুল নামে এক যুবক খুন হয়েছেন। তবে ঘটনাটি নির্বাচন পরবর্তী সহিসংতা নাকি অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে।
