২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, একজন নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে; এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 09:10 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের বেকাসহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মহরম আলী (৬০) শ্রীপুরের বরমী ইউনিয়নের পাইটালবাড়ী গ্রামের প্রয়াত পিছন আলী বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শী আমির হামজা জানান, বরমী থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে মাওনা যাচ্ছিল। মাওনা থেকে বরমীগামী বেপরোয়া গতির একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মহরম আলী নিহত হন এবং চালকসহ চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ট্রাকটিকে রেখে চালক পালিয়ে গেছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বালুর ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।