কালকিনিতে নির্বাচনী সংঘর্ষে আহত ২০
ভোটের একদিন আগে মাদারীপুরে একটি ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আলমগীর প্যাদা (৫৫), অপু প্যাদা (৩৫) ও রিপন মোল্লাকে (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কালকিনি ও ডাসার উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সকালে চরদৌলতখান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী চাঁনমিয়া শিকদার ও দলের বিদ্রোহী প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাতবোমার বিম্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, “প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাঁন মিয়ার নির্দেশে ভোর সাড়ে ৬টায় প্রথমে আমার বাড়িতে হামলা চালানো হয়। ওদের টার্গেট ছিল আমাকে হত্যা করা। বাড়িতে হামলার পর আমাদের লোকজন ধাওয়া দিয়ে নৌকার সমর্থকদের মাথাভাঙ্গা এলাকায় নিয়ে যায়। পরে সেখানে বসে আমার সমর্থকদের সঙ্গে নৌকার ক্যাডারবাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদেরই লোকজন আহত বেশি।”
এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁনমিয়া শিকদার বলেন, “নির্বাচনী এলাকায় মিলন নিজের প্রভাব বিস্তারের জন্য প্রথমে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। পরে আমার নেতাকর্মীরা মিলনের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলে। মিলন নিজের দোষ আড়াল করতে আমার নামে মিথ্যে দোষারোপ করে যাচ্ছে।”
কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক বলেন, দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে আগে থেকেই বিরোধ চলছিল। নির্বাচনে দুজন আবার চেয়ারম্যান প্রার্থী। ভোটের আগে দুজনই এলাকায় আধিপত্য দেখানোর জন্য তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
“এ সময় কিছু ককটেল [হাতবোমা] বিস্ফোরণও ঘটানো হয়। বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা বেশি খারাপ। বর্তমানে পরিস্থিতি শান্ত।”
তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ আট জনকে আটক করেছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আসিফ ইয়াজদানী বলেন, হামলায় আহত হয়ে অন্তত ১০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা খুবই গুরতর। বোমা হামলায় তাদের শরীরে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
