২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ৬ জনকে ভর্তি পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছয় শিক্ষার্থীকে অংশ নিতে দেয়নি কর্তৃপক্ষ, যারা নির্ধারিত তারিখের আগে বা পরে পরীক্ষা দিতে এসেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 08:33 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

জীববিজ্ঞান অনুষদের এই ইউনিটের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা বুধবার শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষার প্রথম দিন (৯ নভেম্বর) পাঁচ জন ও দ্বিতীয় দিন (১০ নভেম্বর) এক জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

“পরীক্ষার্থীদের উত্তরপত্র স্বাক্ষর করতে গিয়ে দায়িত্বরত শিক্ষকরা তাদেরকে ধরতে সক্ষম হন। তাদের রোল নম্বর ছিল রেঞ্জ-এর বাইরে; যার ফলে সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের ধরতে পারেন।”

“গতকাল পাঁচ জন পরীক্ষার্থী এসেছিল যাদের পরীক্ষার তারিখ ছিল ১০ নভেম্বর। আর আজ একজন পরীক্ষা দিতে এসেছিল যার পরীক্ষার তারিখ ছিল ৯ নভেম্বর। এই ভুলের জন্য তাদের প্রত্যেকেরই পরীক্ষা বাতিল করা হয়েছে।”

তবে বাকি ইউনিটগুলোতে যদি এই ছয় শিক্ষার্থী ফরম তুলে থাকেন তাহলে তারা সেসব ইউনিটে পরীক্ষা দিতে পারবেন বলে জানান প্রক্টর।

কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পর এই ছয় শিক্ষার্থী যেন তাদের পরীক্ষা বাতিল নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ করতে না পারে সেজন্য তাদের প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, বলেন ভারপ্রাপ্ত প্রক্টর।

‘ডি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৬৯ হাজার ২২৬ জন। এই ইউনিটের আসন সংখ্যা ৩২০টি। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের ১৬০টি করে মোট ৩২০টি আসন রয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আইআইটির অধীনে ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউ-র অধীনে ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এইচ’ ইউনিটের আসন ৫৬টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি। ‘এইচ’ ইউনিটে আবেদনকারী ২৩ হাজার ৩১৬ জন।

‘জি’ ইউনিটের আসন ৫০টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৫টি এবং মেয়েদের জন্যও ২৫টি। আবেদনকারী ৮ হাজার ৮৯৬ জন।

এবছর বিশ্ববিদ্যালয়ে সবমিলিয়ে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬টি ভর্তি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬৩ জন শিক্ষার্থী।

এবার পরীক্ষার্থীদের ৪৫ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে। এর আগে ৬০ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর দিতে হতো পরীক্ষার্থীদের।