কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
এই চার আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে আরও এক বছর করে কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন মিরপুর উপজেলার পয়ারিগ্রাম পশ্চিম পাড়ার মোশারফ ওরফে মুসার ছেলে সুজন (৩৭), ধলসা গ্রামের ইলা বক্স মৃধার ছেলে মল্লিক হোসেন (৩৫), পয়ারি গ্রামের শফি উদ্দীনের ছেলে শিপন (৩৮) এবং মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আব্দুল গনির ছেলে মান্নান ওরফে মানারুল (৩৫)। শেষের দুজন পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১১ জানুয়ারি রাতে মিরপুর উপজেরার মাজিহাট গ্রামের প্রয়াত মহির উদ্দিনের ছেলে ইমান আলী শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন আলমসাধু নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে উপজেলার বুরাপাড়া পয়ারি গ্রামের মাঠে ইমান আলীর মরদেহ পাওয়া যায়।
পরদিন ১২ জানুয়ারি নিহতের বড় ভাই ইকমান আলী বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তদন্ত করে ২০১৩ সালের জুনে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চারজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজা ভোগের আদেশ দিয়েছে আদালত।
