২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজার সদর উপজেলায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক ইউপি সদস্য পদপ্রার্থী আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 11:52 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

সোমবার রাত ৯টায় পিএমখালী ইউনিয়নের তোতকখালী বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রেজাউল করিম রেজা পিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে এবং আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী।

তিনি পিএমখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

রাত সোয়া ১০টায় গুলিবিদ্ধ রেজাউল করিম রেজাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালে কর্তব্যরত পুলিশের এএসআই রিপন চৌধুরী।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, রাতে তোতকখালীতে নির্বাচনী সহিংসতার জেরে এক ইউপি সদস্য প্রার্থী অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে বলে খবর শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে কারা কী কারণে এ হামলা করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি বলে জানান ওসি।