গাজীপুরে অগ্নিকাণ্ড, পুড়েছে দুইশ বসতঘর-দোকান
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে দুই শতাধিক বসতঘর ও দোকান পুড়ে গেছে।
উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে সোমবার রাতে এই অগ্নিকাণ্ড হয়। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তেলিরচালা এলাকায় একটি জমি ভাড়া নিয়ে তাতে স্থানীয় শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী ঘর তুলে বাসা ও দোকান নির্মাণ করেন। সেখানে ২০০ কক্ষ ও ২০টি দোকান ঘর রয়েছে।
“সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনির মো. আলামিনের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে।”
সাইফুল ইসলাম আরও জানান, আগুনে কলোনির ঘরে থাকা ফ্রিজ ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ নিরূপণ করা সম্ভব হয়নি।
