২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইভ্যালির চারটি ওয়্যারহাউজ সিলগালা

ঢাকার সাভারে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চারটি ওয়্যারহাউজ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি পরিচালনায় আদালত গঠিত কমিটি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 09:48 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

আপিল বিভাগের সাবেক বিচারপতি ও পরিচালনা কমিটির চেয়ারম্যান এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককের নেতৃত্বে পাঁচ সদস্য সোমবার সাভার আসেন।

তারা প্রতিষ্ঠানটির দায় ও সম্পদ পরিস্থিতি সরেজমিনে দেখতে সাভারের আমিনবাজারে দুটি ও বলিয়াপুরে দুটি ভাড়া করা ওয়্যারহাউজ পরিদর্শন করেন। এরপর এই চারটি ওয়্যারহাউজ বন্ধ করে দেওয়া হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিচারপতি মানিক বলেন, “আজ ওয়্যারহাউজ সরাসরি দেখার জন্য এসেছি। কিন্ত ইভ্যালির সম্পদের কোনো হিসাব করা হয়নি; কারণ সময় সাপেক্ষ ব্যাপার। অডিট রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।”

পরিদর্শন দলের অপর চার সদস্য হলেন পরিচালনা বোর্ডের ব্যবস্থানা পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সদস্য সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ফখরুদ্দিন আহম্মেদ ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। 

এ সময় মাহবুব কবীর মিলন বিভিন্ন কুরিয়ার সার্ভিস থেকে পণ্যের জন্য পাওয়া এসএমএস সংরক্ষণে রাখতে গ্রহকদের পরামর্শ দিয়েছেন।

ইভ্যালির দেওয়া পণ্যের রশিদও সংরক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয় গ্রাহকদের।

পরিদর্শনকালে ওয়্যারহাউজে বেশ কিছু টেলিভিশন, কোমল পানীয় ও ইলেকট্রনিক মালামাল মজুত দেখতে পান তারা।

অর্ধেক দামে পণ্য দেওয়ার কথা বলে দেড় মাস আগে টাকা জমা নিয়ে গত তিন বছর ধরে ই-কমার্স ব্যবসা পরিচালনা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগের মুখে আছে দায়গ্রস্ত ইভ্যালি।

আপাত আকর্ষণীয় তার এই ব্যবসার মডেলে কিছু মানুষের পণ্য বিক্রির পরিমাণ বেড়েছ, আবার কিছু মানুষ কম দামে পণ্য কিনে লাভবান হয়েছে। কিন্তু লাখ লাখ মানুষ টাকা খুইয়েছে।

অভিযোগ রয়েছে, রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন বিনিয়োগের নামে গ্রাহকের কাছ থেকে নেওয়া অগ্রিম টাকার বড় অংশ ব্যয় করে দিয়েছেন পণ্যের মূল্য ছাড়ের পেছনে।

গত জুলাই পর্যন্ত ইভ্যালির কাছে কয়েক লাখ গ্রাহক ও মার্চেন্টের ৫৪৩ কোটি টাকা পাওনা সৃষ্টি হয়েছে বলে রাসেল দাবি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রকৃত দায় হাজার কোটি টাকার কাছাকাছি।

এই পরিস্থিতিতে গত ১৬ সেপ্টেম্বর এক পাওনাদারের করা প্রতারণা মামলায় রাজধানীর ধানমন্ডি থেকে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। কয়েক দফায় রিমান্ড শেষে এই দম্পতি এখন কারাগারে আছেন।

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির নথি তলব করেছিল হাই কোর্ট। সে অনুযায়ী ১১ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে সব নথি দাখিল করেন জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার।

এর আগে ২২ সেপ্টেম্বর এক গ্রাহকের করা শুনানি নিয়ে ইভ্যালির স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট।

গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে ৫ সদস্যের এক কমিটি গঠন করে ইভ্যালি পরিচালনা করার আদেশ দেয়।

এই কমিটি ইভ্যালির কোথায় কী আছে সবকিছু বুঝে নেবে। কোম্পানি যেভাবে চলে সেভাবে প্রথমে বোর্ড মিটিং বসবে।