রাঙামাটিতে ধর্ষণচেষ্টা মামলায় শ্রমিকের ১০ বছর কারাদণ্ড
রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক নির্মাণ শ্রমিকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
সোমবার রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দিয়েছেন।
এছাড়া দণ্ডিতকের আরও ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।
দণ্ডিত মো. আবুল হোসেন একজন নির্মাণ শ্রমিক। তিনি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ১ নম্বর ব্লকের মো. জামালের ছেলে। বর্তমানে রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার বাসিন্দা।
মামলার বরাতে আদালতের পিপি মো. রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালের ২১ ডিসেম্বর রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার একটি বাসায় বাথরুমের দরজা পরিবর্তন করতে গিয়ে মামলার বাদীর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আবুল হোসেন। ওই সময় মেয়েটির চিৎকারে বাদীর এক স্বজন এগিয়ে এলে আবুল হোসেন পালানোর চেষ্টা করেন। তখন ওই স্বজন তাকে একটি কক্ষে আটক করেন। পরে কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
