২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ১০ দিন পর মিলল মাথাবিহীন লাশ

কুমিল্লা সদর উপজেলায় বন্ধুর সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ এক পিকআপ ভ্যান চালকের মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 04:16 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম জানান, সোমবার সকালে উপজেলার কালির বাজার ইউনিয়নের মনশাসন (পশ্চিম পাড়া) এলাকার ধানক্ষেতের পাশের ডোবা থেকে সামিউল ইসলাম সায়মন ইসলাম (২১) নামের ওই পিকআপ ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

সামিউল সৈয়দপুর শরৎনগর কাজি বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে ছিলেন।

নিহতের মামি লিপি আক্তার জানান, গত ২৯ অক্টোবর (শুক্রবার) বিকালে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সায়মন। সেদিন রাত ৯টার দিকে সায়মন তার মাকে মোবাইলে ফোন করে সৈয়দপুর এলাকায় আছে বলে জানায়।

“পরদিন দুপুরে সায়মনের ব্যবহত মোবাইল নম্বার থেকে এক ব্যক্তি তার বন্ধু পরিচয় দিয়ে তার মায়ের মোবাইলে ফোন করে সায়মনকে খুঁজতে সৈয়দপুর এলাকায় যোগাযোগ করতে এবং এ বিষয়ে পুলিশকে যেন কিছু না জানাতে বলে। এরপর থেকেই সায়মনের মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।”

লিপি বলেন, এরপর দুদিন পেরিয়ে গেলেও সায়মনের কোন খোঁজ খবর না পেয়ে বিষয়টি কালির বাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি মেম্বার গোলাম মোস্তফাকে জানান তারা। পরে তার পরামর্শে কোতোয়ালি মডেল থানায় সায়মনের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।

ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন,  সকালে কালিরবাজার মনশাসন এলাকায় সায়মনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে সায়মনকে শনাক্ত করে।

স্থানীয় মাহফুজ বাবু বলেন, সকালে মনশাসন পশ্চিমপাড়া এলাকার এক ব্যক্তি ধানের ক্ষেতের পাশের একটি ছোট ডোবায় ঘাস ধোয়ার জন্য যান। সেখানে দুর্গন্ধ পেয়ে ডোবায় থাকা একটি প্লাস্টিকের বস্তা ওপরে তুললে মাথা, পা ও হাতের কব্জি বিচ্ছিন্ন একটি লাশ দেখতে পান।

“পরে সে স্থান থেকে আরও প্রায় ৫০০ গজ দূরে নির্জন এলাকার ধান ক্ষেতের পাশের আরেকটি ডোবায় দরিতে পেঁচানো দু পায়ের আরেকটি অংশ পাওয়া যায়। তবে লাশের মাথা ও দু হাতের কব্জির পাওয়া যায়নি।“

ওসি আনোয়ারুল বলেন, “নিহতের মাথার সন্ধান পাওয়া যায়নি। শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিছিন্ন অবস্থায় রয়েছে। আপাতত এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।