২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার পরীক্ষামূলক ফেরি চালু

পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২৮ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 01:53 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

বিআইডাব্লিউটিসি’র  মাওয়া ঘাটের ম্যানেজার (বানিজ্য) মো. ফয়সাল জানান, পদ্মার স্রোত কিছুটা কমে আসায় সোমবার সকাল ১০টা ২০ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে ‘সুফিয়া কামাল’ ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ফেরিটি দুটি ছোট যানবাহন ও ১৭টি মোটর সাইকেল নিয়ে বাংলাবাজার ঘাটে সফলভাবে পৌঁছে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসে।

গত ১১ অক্টোবর থেকে পদ্মার স্রোত বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া ও বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি। এর ৪ দিনের মাথায় ১৫ অক্টোবর একটি ফেরি ও ১৫ দিনের মাথায় একটি ফেরি পরীক্ষামূলক চলাচল করলেও স্রোত না কমার কারণে বন্ধই রাখে কর্তৃপক্ষ।

ফয়সাল বলেন, “ফেরি চলাচল শুরু হলে সীমিতভাবে মাঝারী আকৃতির পাঁচটি ফেরি ছোট যানবাহন নিয়ে চলাচল করবে। জরুরি পরিসেবা ও হালকা যানবাহন এই রুটের ফেরি দিয়ে পারাপার হবে। ভারী যানবাহন পারপার করা হবে না।”

ফেরি বন্ধ থাকলে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।