২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 08:33 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

রোববার দুপুরে উপজেলার টঙ্গীবাড়ি-বালিগাঁও সড়কে বলই এলাকায় এ ঘটনা ঘটে।

কারা এবং কী কারণে এই হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত বারেক শেখ (৪৪) ময়মনসিংহ জেলার মোস্তফা শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ির রংমেহারে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। এখানে তিনি হাসাইল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বারেক বাসা থেকে বের হয়ে বালিগাঁও বাজারে একটি ব্যাংকে গিয়েছিলেন। সেখান থেকে রংমেহারে বাসায় ফেরার পথে বলই এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলে আসা তিনজন তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, হামলার সময় বারেকের আর্তচিৎকারে প্রায় ২শ গজ দূরে জমিতে কাজ করা শ্রমিকরা এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি সোহেব আলী।