পূজামণ্ডপে কোরআন: কুমিল্লার মেয়রের পিএস গ্রেপ্তার
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে বিশৃঙ্খলা সৃষ্টি ও মন্দিরে ভাংচুরের মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল আজিম জানান, পিএস মইনুদ্দিন আহমেদ বাবুকে শনিবার রাতে বান্দরবানের সাজেক থেকে গ্রেপ্তার করা হয়।
এছড়া রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুই জনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এই দুইজন কুমিল্লা মহানগর যুবদলের নেতা বলে জানালেও তিনি তাদের পরিচয় বলতে পারেননি।
ওসি আনোয়ারুল বলেন, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ইরফানুল হক চৌধুরীর আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
তবে বিশৃঙ্খলা সৃষ্টি ও মন্দিরে ভাংচুরের সঙ্গে গ্রেপ্তারকৃতদের কী ধরনের সংশ্লিষ্টতা ছিল সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি।
গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মধ্যে কুমিল্লার একটি মণ্ডপে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে সহিংসতা শুরুর পর তা চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, ফেনী, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এর মধ্যে ১৫ অক্টোবর দশমীর দিন নোয়াখালীর চৌমুহনীতে কয়েকটি মন্দির ও মণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর হয়। ১৭ অক্টোবর রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
