২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় স্ত্রী-কন্যা ‘হত্যার পর’ স্বামীর ‘আত্মহত্যা’

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বদ্ধ ঘর থেকে স্ত্রী ও শিশু কন্যাসহ এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 01:45 AM

Updated : 02 Aug 2022, 06:33 PM

‘পারিবারিক কলহের’ জের ধরে স্ত্রী ও শিশু কন্যাকে ‘শ্বাসরোধ করে হত্যার’ পর স্বামী গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন কবির।

তিন জনের মারা যাওয়ার ঘটনাটি দুই দিন আগের হতে পারে বলেও ধারণা করছেন তারা।

নিহতরা হচ্ছেন- অটোরিকশা চালক স্বামী সবুর আলী (৩০), তার পোশাককর্মী স্ত্রী রোজিনা আক্তার (২৬) ও তাদের নয় বছরের মেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চরগোরুক মণ্ডল গ্রামে।

শনিবার রাতে আশুলিয়ার পবনারটেক রুপায়ন গেইট এলাকার ফজর আলী ভাড়া দেওয়া টিনসেট বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন পুলিশ সদস্যরা।

শুক্র ও শনিবার সারাদিনেও তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় স্বজনদের। পরে তারা ওই বাড়িতে এসে ঘরের টিনের ফাঁক দিয়ে সবুর আলীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

নিহতদের স্বজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আল মামুন জানান, পোশাক কর্মী স্ত্রীর টাকায় কিনে দেওয়া অটোরিকশাটি সম্প্রতি চুরি হওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত।

এর জের ধরে মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “প্রাথমিক ধারণা ঘুমন্ত স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে সবুর আলী। পরে নিজে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।“

ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

নিহত সবুর আলীর ছোট ভাইয়ের স্ত্রী আরজিনা বেগম জানান, টাকা ধার করে ও এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে নতুন অটোরিকশা কিনে দেন রোজিনা। বুধবার দিন প্রথম রিকশাটি নিয়ে বের হন সবুর আলী। ওইদিনই অটোরিকশাটি চুরি হয়ে যায়।

ওইদিন ভয়ে স্ত্রীকে ঘটনাটি জানাননি তিনি। পরদিন বৃহস্পতিবার অটোরিকশা চুরির বিষয়টি স্ত্রী টের পেয়ে যান। তারপর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়।

সবুর আলী ফোন করে তাকে ঝগড়ার বিষয়টি জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।