নওগাঁয় আগুনে পুড়ল গুচ্ছগ্রামের ১০ ঘর
নওগাঁর মহাদেবপুর উপজেলায় গুচ্ছগ্রামে আগুন লেগে ১০ পরিবারের ‘দুই লাখ টাকা’ ও জিনিসপত্রসহ ঘরবাড়ি পুড়ে গেছে।
উপজেলার হামিদপুর আবাসন প্রকল্পে শনিবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে বলে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান।
তিনি বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কেউ হতাহত হয়নি।
“বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
“ফাতেমা বেগম জমি বন্ধক নেওয়ার জন্য দুই লাখ টাকা সঞ্চয় করেছিলেন, যা ঘরে লেপের ভেতর থাকায় পুড়ে গেছে বলে ফাতেমা বেগম জানিয়েছেন।”
মহাদেবপুরের ইউএনও মিজানুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল, ডাল, তেল ও একটি করে কম্বলসহ শীতবস্ত্র দেওয়া হয়েছে। তাদের বাড়ি পুনরায় নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
