তাড়াশে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক আটক
সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
শনিবার সকালে উপজেলার গুল্টা বাজারের অদূরে গোলাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান।
আটক শহিদুল ইসলাম (২২) ওই উপজেলার গোন্তা গ্রামের বাসিন্দা।
গুল্টা বাজার বাসিন্দা মেয়েটির স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, শহিদুল ইসলাম তার বিদ্যালয়ের ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি একাধিবার ছাত্রীর অভিভাবকরা শহিদুলের পরিবারকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
“শনিবার সকালে মেয়েটি স্কুলে আসার পথে শহিদুল মোটরসাইকেল দিয়ে তার আটকে আবার উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয়রা শহিদুলকে আটকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
ওসি বলেন, শহিদুলকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
