২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্কেলপুরে দেহ, বদলগাছিতে পা ও খুলি উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর থেকে মাথা-হাত-পাবিহীন মৃতদেহ ও নওগাঁর বদলগাছি থেকে পা উদ্ধারের পর এবার মাথার খুলিও পাওয়া গেছে। এগুলো একই নারীর বলে ধারণা করছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 09:50 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

নওগাঁর বদলগাছি থানার ওসি আতিকুল ইসলাম জানান, শুক্রবার বদলগাছি উপজেলার গোবরচাঁপাহাটে সেতুর পাশে একটি কলাবাগান থেকে একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত শনিবার উপজেলার জগৎ নগর গ্রামের ধানক্ষেত থেকে বস্তাবন্দি একটি পা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান জানান, গত মঙ্গলবার আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর শ্মশানঘাটি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথা-হাত-পাবিহীন বস্তাবন্দি একটি মৃতদেহ উদ্ধার করা হয়।  

বদলগাছি থানার ওসি বলেন, মাথার খুলির সঙ্গে লম্বা চুলে ক্লিপ আটকানো ছিল। এছাড়া অন্য স্থান থেকে উদ্ধার হওয়া শরীরের অংগ-প্রত্যঙ্গের মিল থাকায় এবং তাৎক্ষণিক সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশের কোনো এলাকা থেকে এনে ওই নারীকে হত্যার পর অঙ্গ-প্রত্যঙ্গ বিভিন্ন এলাকায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা, যাতে ওই নারীর পরিচয় কেউ শনাক্ত করতে না পারে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে তিনি জানান।