২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী-কর্মকর্তা কাউকে ছাড় নয়: নির্বাচন কমিশনার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন ভঙ্গ করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 07:20 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

শুক্রবার নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আগামী ১১ নভেম্বর নারায়ণগঞ্জে তিন উপজেলা সদর, বন্দর ও রূপগঞ্জের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। 

এ ‍উপলক্ষে সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, “আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু পরিবেশে দেখতে চাই। যে এই পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবে তাকে আইনের আওতায় আনা হবে।  তাই আপনারা আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না। আইন ভঙ্গকারী প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান প্রমুখ।

এছাড়া সভায় সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও উপস্থিত ছিলেন। 

নরসিংদীতে নির্বাচনকে ঘিরে চার জনের প্রাণ গেছে উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, “যদি নারায়ণগঞ্জে এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমার চাইতে কঠোর আর কেউ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যেন কোনো মার বুক খালি না হয়। আমি নির্বাচন সংশ্লিষ্ট সকলের কাছে এ ওয়াদা চাই।”

অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। আপনাদের অভিযুক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।