হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গলায় ওড়না পেঁচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একে হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে পরিবার।
তারা হলেন উপজেলার দক্ষিণ নরপতি প্রকাশ কোনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রিকশাচালক আব্দুর রউফ (৩৫) ও রউফের স্ত্রী আলেয়া আক্তার (৩০)।
গ্রামের বাড়ি থেকে শুক্রবার বেলা ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, প্রায় ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১০ ও চার বছরের দুটি ছেলে রয়েছে। তারা ফসলি জমির মাঝখানে বাড়ি করে বসবাস করে আসছিলেন। আলেয়া সৌদি আরব ছিলেন। মাসখানেক আগে তিনি দেশে আসেন।
তাদের ১০ বছরের ছেলে সাংবাদিকদের বলে, বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাবা-মা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন।
“সকালে ঘুম থেকে উঠে মা-বাবাকে ঘরের তিরের সঙ্গে গলায় ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় দেখি।”
পরে থানায় খবর দেয় স্থানীয়রা।
আব্দুর রউফের মা মনোয়ারা বেগম অভিযোগ করেছেন, তার ছেলে ও ছেলেবউকে হত্যা করে গলা ফাঁস লাগানো হয়েছে।
তিনি এর বিচার চেয়েছেন।
ওসি আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা পিবিআই দল ঘটনাস্থলে গিয়ে প্রয়াজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ, চুনারুঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাউছার বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
