২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ঘর হারিয়ে নৌকায় সংসার, সন্তানের জন্ম

ঘূর্ণিঝড় আম্পানে ঘরবাড়ি হারিয়ে দেড় বছর ধরে নৌকায় বসবাস করছে সাতক্ষীরার ইয়াকুবের পরিবার।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 09:39 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

বুধবার এই নৌকার সংসারেই ইয়াকুব ও মিনারা দম্পতির ছেলের জন্ম হয়েছে।

দেড় বছর আগে আম্পানে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ইয়াকুব-মিনারাদের ঘরবাড়ি বিলীন হয়ে যায়। তারপর থেকে তাদের সাত সদস্যের পরিবার নৌকায় বসবাস করছে প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকায়।

আম্পানে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙার পর থেকে প্রতাপনগর এলাকা প্লাবিত।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ভাঙনের কবলে ঘরবাড়ি বিলীন হয়ে গেছে পরিবারটির। নিরুপায় হয়ে বসবাস করছে মাছধরা নৌকার উপর। সেখানেই ইয়াকুবের স্ত্রী মিনারা খাতুনের ছেলের জন্ম হয়েছে।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা ভাঙন কবলিত হয়ে পুরো এলাকা এখন প্লাবিত। এই দুই উপজেলার সীমান্ত এলাকাতে নৌকায় ইয়াকুবের পরিবারের বাস এখন।  

চেয়ারম্যান জাকির জানান, নৌকার উপর সন্তানের জন্ম হচ্ছে। তাতেই উপলব্ধি করা দরকার মানুষ কতটা কষ্টে রয়েছে। বন্যতলা বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত। বন্যতলার ওই এলাকাটি প্রতাপনগর ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সীমান্ত এলাকা। এই লোকালয়ে এখন জোয়ারভাটা চলছে।

এখানে হাজারো মানুষ বসতভিটা হারিয়েছে। বাধ্য হয়ে কেউ বেড়িবাঁধের উপর কেউবা নৌকায় বসবাস করছে।

মৎস্যজীবী ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নদীতে মাছ ধরে সংসার চালাই। বন্যতলায় বাঁধ ভেঙে সব নদীতে চলে গেছে। ঘরবাড়িও চলে গেছে নদীগর্ভে। সাত সদস্যের পরিবার নিয়ে মাছ ধরা নৌকাটির উপর বসবাস করছি।”

যাতায়াত ব্যবস্থা না থাকায় গর্ভবতী স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেননি জানিয়ে তিনি বলেন, “বুধবার রাতে ছেলে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুইজনই সুস্থ আছে।”

তিনি বলেন, “বেড়িবাঁধ ভেঙে বাস্তুচ্যুত হয়ে গেছি। যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা অন্যত্র চলে যাচ্ছে। কী করব! আমার কিছু করার নেই। আমাদের যাওয়ার মতো জায়গা নেই।”