২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির পূর্ণিমা চাকমার মৃত্যুর তদন্ত দাবি স্বজনদের

রাঙামাটি সরকারি কলেজের ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 08:30 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে পূর্ণিমা চাকমার মামাতো ভাই পলাশ চাকমা বলেন, “আমার বোনের মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এক বা একাধিক ব্যক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর আমরা ১ নভেম্বর থানায় এজাহার দায়ের করলেও পুলিশ এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করেনি।”

তিনি বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট সর্ম্পকে জানতে সিভিল সার্জন অফিসে গেলে তারা থানায় যেতে বলেন; আবার থানা সিভিল সার্জন অফিসে যেতে বলেন। তাই আমরা দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট প্রদান এবং তদন্তপূর্বক মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই “

সংবাদ সম্মেলনে পলাশ চাকমার সঙ্গে কলেজ শিক্ষার্থী মোহিনী চাকমা, মিথিলা চাকমা, রুবেল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পলাশ পূর্ণিমার মৃত্যুর ঘটনা তুলে ধরে বলেন, ২৯ অক্টোবর রাঙামাটির রাজবাড়ী এলাকার মল্লিকা দেওয়ানের বাসায় পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যু হয়। মৃত্যুর পর তারা পূর্ণিমা ‘আত্মহত্যা’ করেছে বলে দামাচাপা দেওয়ার চেষ্টা করে। বলা হচ্ছে পূর্ণিমা সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

“কিন্তু আমাদের প্রশ্ন সে যদি সিলিং ফ্যানের মাধ্যমে আত্মহত্যা করে থাকে তাহলে কীভাবে ওড়না বেঁধে নিল? ওই রুমে তো কোনো চেয়ার-টেবিল ছিল না। আর সিলিং ফ্যানের যে উচ্চতা কোনো কিছুর ব্যবহার ছাড়া ওড়না লাগানো সম্ভব না।

“আবার এ ঘটনার পর বাড়ির মালিক আমাদের ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে চাইবে কেন? আমরা তো টাকা দিয়ে দফারফা করতে চাই না। টাকা দিয়ে তো বোনকে ফিরে পাব না। আমরা বোন হত্যার বিচার চাই।”

এই বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মীর মোদদাছছের হোসেন গণমাধ্যমকে বলেন, পূর্ণিমা চাকমার মৃত্যুর ঘটনায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তারা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছেন। তদন্ত কার্যক্রম চলমান আছে।

গত শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে কলেজছাত্রী পূর্ণিমাকে অচেতন অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন দুপুরে পূর্ণিমা চাকমার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

পূর্ণিমা চাকমা রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাখালীর সাধন চাকমার মেয়ে। তিনি রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। লেখাপড়ার জন্য জেলা শহরের রাজবাড়ী এলাকার মল্লিকা দেওয়ানের বাসায় থাকতেন।