২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ‘সন্ত্রাস’, নির্বাচন নিয়ে ‘শঙ্কায়’ আওয়ামী লীগ

পাহাড়ে সন্ত্রাসীদের প্রতিহত করা না গেলে ইউপি নির্বাচনে জনগণ ভোটাধিকার বঞ্চিত হবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন রাঙামাটির সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 06:58 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা, প্রার্থীদের হত্যা, অপহরণের চেষ্টা প্রতিহত ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

দীপংকর তালুকদার শান্তিচুক্তি বাস্তবায়নে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “শান্তিচুক্তি তোমরা বাস্তবায়ন চাও; আর বেছে বেছে শান্তিচুক্তি বাস্তবায়ন পক্ষের লোকজনে হত্যা করে শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব না।”

লিখিত বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, “চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য নিরাপত্তা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে।”

নিরাপত্তা বাহিনীর অভিযানে বিগত দুয়েক বছর তাদের অপতৎপরতা অনেকটা সংকুচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা অধিক শক্তিশালী হয়ে আবার আমাদের নেতাকর্মী ও নিরীহ জনগণকে খুন, জখমের পাশাপাশি প্রাণনাশের হুমকি, নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শন করে আতংক সৃষ্টি করে নির্বাচনে তাদের প্রার্থীদের জেতানোর জন্য বেপরোয়া হয়ে উঠেছে।”

ইউপি নির্বাচনের প্রত্যেক ধাপে ভোট কেন্দ্রসহ নির্বাচনী এলাকাসমূহে নিরাপত্তাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর প্রমুখ।