বনগাঁ পার্কিংয়ে ‘চাঁদাবাজির’ অভিযোগ বাংলাদেশি আমদানিকারকদের
ভারতের বনগাঁ কালিতলা পার্কিংয়ে ‘চাঁদাবাজির’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশি আমদানিকারকরা।
তারা বলছেন, ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো পেট্রাপোলে প্রবেশের আগে দীর্ঘ সময় আটকে রাখা হয় কালীতলা পার্কিংয়ে। আর প্রতিটি ট্রাক থেকে দিনে ২ হাজার রুপি আদায় করা হয় ‘ডেমারেজের’ কথা বলে।
'বনগাঁ কালীতলা পার্কিংয়ে প্রায় সাত হাজার বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে আটকে রয়েছে জানিয়ে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি সমাধানের জন্য বেনাপোল শুল্কভবনের কমিশনার মো. আজিজুর রহমান ভারতীয় কাস্টমস, বন্দর ও সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও সমাধান আসেনি।
ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স সাব কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, “ভারতের পেট্রাপোল বন্দরে একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রতিটি পণ্যবোঝাই ট্রাক থেকে তারা চাঁদা আদায় করছে। প্রতিদিন ট্রাক প্রতি ২ হাজার রুপি দিতে হচ্ছে।
তিনি বলেন, “বনগাঁও পৌরসভার তত্ত্বাবধানে সিরিয়ালের নামে এসব ট্রাক কালীতলা পার্কিংয়ে ঢোকানো হয়। কালিতলা পার্কিংয়ে দীর্ঘদিন পণ্যবোঝাই ট্রাক আটকে থাকায় বাংলাদেশি আমদানিকারকদের মোটা অংকের ডেমারেজ গুণতে হচ্ছে।”
বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম -সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, এ বন্দর দিয়ে প্রতি বছর ভারতের সঙ্গে মোটামুটি ৩০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়। বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছয় হাজার কোটি টাকার রাজস্ব আয় করে বেনাপোল শুল্কভবন।
“এ বন্দর দিয়ে আগে প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি হলেও এখন এ সংখ্যা ২৫০ থেকে ৩০০ ট্রাকে নেমেছে।”
তার অভিযোগ, পণ্যবাহী ট্রাকগুলো ভারতের পেট্রাপোলে প্রবেশের আগে এক মাসেরও বেশি সময় আটকে রাখা হয় কালীতলা পার্কিংয়ে। সেখানে প্রতিটি ট্রাক থেকে দিনে ২ হাজার টাকা করে আদায় করা হয়। আবার জরুরি পণ্যের চালান আনার জন্য সিন্ডিকেটকে ৩০ থেকে ৪০ হাজার টাকা দিতে হচ্ছে ।
এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের কোনো বক্তব্য জানা যায়নি।
বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। আমদানিতে জটিলতার কারণে এসব পচনশীল পণ্য নষ্ট হচ্ছে, অনেক শিল্প প্রতিষ্ঠানের ওপর এর প্রভাব পড়ছে।
এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশের তরফ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে বেনাপোল শুল্কভবনের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, “পেট্রাপোল কালীতলা পার্কিংয়ে বর্তমানে প্রায় সাত হাজার পণ্যবাহী ট্রাক আটকে আছে বলে ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি সমাধানে ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”
