দাম বেড়েছে কয়লার, ফরিদপুরে ইট উৎপাদন বন্ধ
কয়লার দাম বেড়ে দ্বিগুণ হওয়ায় ফরিদপুরের ইটভাটাগুলোতে চলতি মৌসুমে এখনও ইট উৎপাদন শুরু হয়নি বলে ভাটা মালিকেরা জানিয়েছেন।
সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে ইট উৎপাদন শুরু হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাটি কেনা, মাটি থেকে কাঁচা ইট তৈরির প্রক্রিয়া শুরু হয়। কাঁচা ইট রোদে শুকিয়ে অক্টোবর মাসেই প্রথম কিস্তি ইট পোড়ানো শুরু করে।
কিন্তু নভেম্বর মাস শুরু হয়ে গেলেও ইট উৎপাদন শুরু করতে পারেননি ভাটা মালিকরা।
ফরিদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খলিফা কামাল উদ্দিন জানান, ফরিদপুর জেলায় ছোট-বড় ১২৮টি ইটভাটা রয়েছে। তার মধ্যে আটটি দীর্ঘ দিন ধরে বন্ধ। চালু রয়েছে ১২০টি। এর মধ্যে অটো ইটভাটা রয়েছে সাতটি বাকি ১১৩টি চলে কয়লা পুড়িয়ে। এ সব ভাটায় প্রায় বিশ হাজার ইট-ভাটা শ্রমিক কাজ করেন।
সরেজমিনে ফরিদপুরে সদর উপজেলার ডিক্রীরচর, নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নে বিভিন্ন ইট-ভাটায় গিয়ে দেখা যায়, গত বছরের উৎপাদিত ইট এরই মধ্যে বিক্রি শেষ পর্যায়ে। কিন্তু নতুন করে উৎপাদনে না যাওয়ায় ফরিদপুরে ইট সংকট দেখা দিয়েছে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারি উন্নয়ন কাজে ঠিকাদাররা ইট কিনে কাজ করতে হিমশিম খাচ্ছে।
ভাটা মালিকদের ভাষ্য, নতুন ইট উৎপাদনের পর যে দামে বিক্রি করতে হবে তা বর্তমান বাজার দরের দ্বিগুণ। তাই বাড়ি করতে চাওয়া সাধারণ লোকজন ও নতুন করে কাজ পাওয়া ঠিকাদারদের মাথায় হাত পড়েছে।
শুধু তিনি নন কোনো ইটভাটার চিমনিতে ধোঁয়া উড়ছে না। ইট প্রস্তুতকারী মাঠও ফাঁকা পড়ে রয়েছে।
প্রতি রাউন্ডে ৭ থেকে ৮ লাখ ইট পোড়াতে প্রায় ১৩০ টন কয়লার প্রয়োজন হয়। এতে ৮ রাউন্ড পোড়ালে ১ হাজার টনের বেশি কয়লা তার তার ইট ভাটায় প্রয়োজন হয় বলে আব্দুস সালাম জানান।
তিনি বলেন, “আমি এক হাজার টন কয়লা কিনেছি ৮০ থেকে ৯০ লাখ টাকার মধ্যে। সেই কয়লা এবার কিনতে হবে সোয়া ২ কোটি টাকায়। আবার শুধু যে টাকা হলেই কয়লা মিলছে তাও না। টাকা দিয়েও সময়মতো কয়লা সাপ্লাই পাওয়া যাচ্ছে না।”
একই কথা জানালেন আরেক ভাটা মালিক আব্দুর রাজ্জাক মোল্লা।তিনি বলেন, “গত মৌসুমে একটি ইটের উৎপাদন খরচ ছিল সাড়ে ৫ থেকে সাড়ে ৬ টাকার মধ্যে। কিন্তু চলতি মৌসুমে একটি ইট উৎপাদনে ১০ থেকে ১১ টাকা খরচ হবে। নতুন এক হাজার ইটের দাম হবে ১৩ থেকে ১৪ হাজার টাকা। এত দামে মানুষ ইট কিনবে কি-না সে নিয়েও চিন্তায় রয়েছি।”
শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকার রউফ ব্রিকসের সুপার ভাইজার মিজানুর রহমান বলেন, ইটভাটা করতে হলে বিভিন্ন জেলার ইট প্রস্তুতকারী শ্রমিকদের মৌসুমের কমপক্ষে ছয় মাস আগে ২৫ থেকে ৩০ লাখ টাকা অগ্রিম দিতে হয়। অগ্রিম নেওয়া শ্রমিকরা কাজ করতে আসতে পারছে না। ফলে প্রতিটি ভাটায় প্রায় ৭০ থেকে ১০০ জন শ্রমিক কাজে আসার জন্য অপেক্ষায় রয়েছে।
“এখন কাজের ধুম পড়ে যাওয়ার কথা; অথচ মৌসুমের শুরুতেই কাজে ভাটা পড়েছে। স্থানীয় শ্রমিকরাও কোনোরকমে; আবার কেউ বেকার হয়ে দিনযাপন করছে।”
তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখন উদ্যোগ না নিলে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে শুরুতে বাজারে যে নতুন ইট আসবে সেই ইটের উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। শুধু তা-ই নয় সরকারি কাজেও ধীরগতি চলে আসবে।”
ইটভাটা মালিক সমিতির সভাপতি সভাপতি মনে করেন, ইটভাটা মালিকদের লাভ লোকসান যাই হোক ইটের দাম বৃদ্ধির ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাবে। যত দ্রুত সম্ভব বাণিজ্য মন্ত্রণালয় থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভাটা মালিকরা জানান, ফরিদপুরে ৫ থেকে ৭ জন ব্যবসায়ী ইটভাটাগুলোতে কয়লা সরবরাহ করে থাকেন। এই ব্যবসায়ীরা ভরা মৌসুমে মংলা বন্দর থেকে নৌপথে ফরিদপুর সিএন্ডবিঘাটে (নৌ বন্দরের) কয়লা নিয়ে আসেন। নদীর পানি কমে গেলে যশোরের অভয়নগর উপজেলার শিল্প এলাকা নওয়াপাড়া থেকে সড়কপথে কয়লা আনেন। সাধারণত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাতে নওয়াপাড়া থেকে কয়লা সরবরাহ হয়ে থাকে।
ফরিদপুরের কয়লা ব্যবসায়ী মুজিবর মাতুব্বর বলেন, ইন্দোনেশিয়া , অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করা হয় দেশে। আর্ন্তজাতিক বাজারেও কয়লার দাম বৃদ্ধি ও শিপমেন্ট খরচ বেড়ে যাওয়ায় কয়লা আমদানিতে খরচ বেড়েছে। ফলে আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি দামে কয়লা বিক্রি করতে হচ্ছে।
“মূলত মংলা ও নওয়াপাড়ার আমদানিকারকদের কাছ থেকে কয়লা এনে ফরিদপুরে বিক্রি করি। ২০০ থেকে ৫০০ টাকা টন লাভে ফরিদপুরে কয়লা বিক্রি করে থাকি। এবছর দাম বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে এখন কয়লা কিনতে চাইছে ন।”
