জামালপুরে মালবাহী ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খাদে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মালবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে।
সরিষাবাড়ীর মালিপাড়া-মুনসুরনগর সড়কের ব্রাহ্মণজানি বাজার এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, সরিষাবাড়ী থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যাতায়াতের একমাত্র এই সড়কের পোগলদীঘা ইউনিয়নের ব্রাহ্মণজানি বাজারের কাছাকাছি একটি সেতু ছিল। দুই বছর আগে বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখানে সাময়িকভাবে চলাচলের জন্য একটি বেইলি সেতু নির্মাণ করে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ।
সেতুটি ভেঙে পড়ায় এলাকার মানুষের যাতায়াতসহ চরাঞ্চলের কৃষিপণ্য শহরাঞ্চলে নিতে দুর্ভোগ পোহাতে হবে বলে স্থানীয়দের ভাষ্য।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। এটি ভাঙার খবর সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। অতিরিক্ত মালামাল বোঝাই করার কারণে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
জামালপুর সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। ইতোমধ্যেই এটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাকটি উদ্ধার করতে ৪-৫ দিন সময় লাগতে পারে।
