২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে প্রতিপক্ষের হামলায় তরুণ নিহত

ঢাকার ধামরাই উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন;আহত হয়েছেন আরও একজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 03:36 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

নিহত সিহান হোসেন (২১) উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিপুর গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, মাদক সেবন ও পূর্বশত্রুতার জেরে রোববার রাতে উপজেলার যাদবপুরে একটি পরিত্যক্ত বাড়িতে পাশের গ্রামের কয়েকজনের সঙ্গে সিহান ও আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বাগবিতণ্ডা হয়।

“একপর্যায়ে কয়েকজন মিলে দুইজনকে মারধর করে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে সোমবার ভোরে সিহান মারা যান।”

আহত আলমগীরকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ওসি বলেন, হতাহতদের পরিবারের দাবি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। নিহতের পরিবার ধামরাই থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।