গাজীপুরে যৌতুক মামলায় এসআই কারাগারে
গাজীপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এক এসআইকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ফারুখ রোববার এসআই শফিকুল ইসলাম সরকারকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
শফিকুল নরসিংদীর মনোহরদী লেবুতলা চরহাজি খাঁ এলাকার সিরাজুল ইসলাম সরকারের ছেলে। শফিকুল মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালন করছিলেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী তোফাজ্জল হোসাইন বলেন, বাদী নূর নাহার সুলতানার কাছে এসআই শফিকুল বাড়ি নির্মাণের জন্য যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চলতি বছর ১৮ জুলাই ওই আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করে নূর নাহার সুলতানা। মামলা আমলে নিয়ে সমন জারি করে আদালত। রোববার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
২০০১ সালে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে বরে জানান তিনি।
